শিগগিরই ব্রিকস জোটের প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দিতে যাচ্ছে ইরান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানান। ভারতে অনুষ্ঠিত ব্রিকসের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের আগে হেম্মতি বলেন, ব্রিকস সদস্যদের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা। ইরানও শিগগিরই এই ব্যাংকের সদস্য হবে।
২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করাই ব্যাংকটির প্রধান লক্ষ্য। পরবর্তীতে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিসর, উরুগুয়ে, আলজেরিয়াসহ আরও কয়েকটি দেশ ব্যাংকটির সদস্য হয়েছে।
ইরান ২০২৪ সালে ব্রিকসে যোগ দেয়। এরপর থেকেই দেশটি এনডিবির সদস্য ও শেয়ারহোল্ডার হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিল।
ইরানের জন্য এই পদক্ষেপের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর সুযোগ। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ও ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশ সীমিত। ফলে তেহরান দীর্ঘদিন ধরেই বিকল্প আর্থিক চ্যানেল ও জাতীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের জন্য এনডিবিতে যোগ দেওয়া বিকল্প অর্থায়ন ও আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে ব্রিকসের নিজস্ব মুদ্রায় বাণিজ্য ও আর্থিক লেনদেন বাড়ানোর উদ্যোগের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।
হেম্মতি বলেন, ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে জাতীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি ইরান দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় মুদ্রা সহযোগিতা জোরদার করতে চায়।
তবে ইরানের সদস্যপদের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাংকটির করপোরেট কমিউনিকেশন বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা ইরানের সদস্যপদ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।