ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে।’ এ নিয়ে বিস্তারিত তথ্য না দিয়ে তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গও এক সময় জঙ্গিদের নিরাপদ করিডোর ছিল।
বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের হাবড়া থেকে সন্দেহভাজন এক পাকিস্তানি নাগরিক গ্রেপ্তারের পর শুভেন্দু এমন মন্তব্য করলেন। রানা রউফ নামে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গুপ্তচর বলে সন্দেহ করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের দাবি, রানা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।
সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে বুধবার এক সংবাদ সম্মেলনে শুভেন্দু বলেন, ‘বাংলাদেশ থেকে যাতায়াত করার জন্য পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ প্যাসেজ ছিল।’ মমতা প্রশাসনকে ইঙ্গিত করে এমন মন্তব্যের পরই শুভেন্দু দাবি করেন, ‘বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করতো।
পশ্চিমবঙ্গে সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারের ঘটনা নতুন নয়। গত কয়েক বছরের বিভিন্ন সময়ে জঙ্গি সন্দেহে বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু বলেন, ‘আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এসবের বিরুদ্ধে অ্যাকশন নিতো। পশ্চিমবঙ্গের পুলিশকে কাজ করতে দেওয়া হতো না। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে। তাই বিষয়গুলো আপনাদের সামনে আসছে। আগের কয়েকটি অভিযানের উদাহরণ দিয়ে শুভেন্দু দাবি করেন, ‘পাকিস্তান থেকে তো এরা সোজা বাংলাদেশে চলে যেতে পারবে না। পাকিস্তান থেকে কাশ্মীরে এসেছিল। এরপর কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল।
গত মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে রানাকে গ্রেপ্তার করে এসটিএফ। সংস্থাটি জানিয়েছে, ২০১২ সালে রানা নেপাল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছিলেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র নিয়ে কলকাতায় থাকতেন। বুধবার রানাকে বারাসাতের আদালতে তোলা হলে এসটিএফ-এর আইনজীবী প্রসেনজিৎ রানা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক ছিল রানার। পরে আদালত রানাকে ১৪ দিনের জন্য এসটিএফের হেফাজতে দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।