সকল মেনু

সবশেষ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে বিচ্ছিন্ন: ইরানি সেনা মুখপাত্র

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ১৫, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটানোই নয়, বরং ইরানি-ইসলামি সভ্যতা ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। খবর মেহের নিউজ এজেন্সির।

সেনাবাহিনীর রাজনৈতিক ও আদর্শিক সংস্থা প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন আকরামিনিয়া। এ সময় তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লব বিশ্বের হাতে গোনা কয়েকটি বড় বিপ্লবের একটি। এ বিপ্লবের সাংস্কৃতিক ভিত্তি রয়েছে এবং এর ইসলামি ব্যবস্থা ইসলামি শিক্ষা ও ইমাম খোমেনির আধ্যাত্মিক নেতৃত্বের ওপর প্রতিষ্ঠিত।

সাম্প্রতিক যুদ্ধে নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরতে শত্রুপক্ষ যে বিভ্রান্তিকর বয়ান ছড়িয়েছে, তার মোকাবিলা করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র।

গ্রিসের অ্যাক্রোপলিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে আকরামিনিয়া বলেন, এ ধরনের বক্তব্য ইরানের সাংস্কৃতিক ও আদর্শিক ভিত্তিকে দুর্বল করার শত্রুপক্ষের প্রচেষ্টারই অংশ।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাধারণত দাবি করে, তাদের বিরোধিতা ইরানের জনগণের বিরুদ্ধে নয়, বরং শুধু ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু রুবিওর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সেই অবস্থানের আড়ালে থাকা প্রকৃত মনোভাব প্রকাশ পেয়েছে। এতে দেশটির সভ্যতাবিরোধী দৃষ্টিভঙ্গি ও ঔদ্ধত্যেরও বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি করেন তিনি।

আকরামিনিয়ার ভাষ্য অনুযায়ী, চলমান যুদ্ধে মার্কিন শাসকদের লক্ষ্য শুধু ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটানো নয়, বরং ইরানি-ইসলামি সভ্যতাকে ধ্বংস করা।

এ ছাড়া তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এতটা বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধান মিত্ররাও তার সহায়তায় এগিয়ে আসেনি বলে মন্তব্য করেন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।