ইতিহাসে এই প্রথম বিশ্বের প্রভাবশালী তিন দেশের প্রেসিডেন্টকে দেখা গেল একসঙ্গে। আজ বুধবার রাতে চীনের শেনজেন শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম তাদের একসঙ্গে দেখা গেল।
রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জমকালো নৈশভোজের আগে একসঙ্গে একটি লালগালিচায় দেখা গেছে তাদের। পারিবারিক ছবি তোলার আগে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং শি জিনপিং এর সামনেই তাঁরা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
ভিডিওটিতে দেখা গেছে, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি এবং তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর থেকে ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। তবে তাঁরা একে অপরকে উষ্ণভাবে অভিবাদন জানিয়েছেন বলে মনে হচ্ছে। প্রথমে তাঁরা করমর্দন করেছেন এবং কাঁধে হাত রেখেছেন।
এর আগে শেনজেনের রানওয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের শি জিনপিং। এভাবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের স্বাগত জানানো খুবই বিরল ঘটনা।
আগামীকাল বৃহস্পতিবার এই তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শি জিনপিং পুতিনকে চীনে স্বাগত জানিয়ে তাঁকে ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেন।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির এক দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। চীনে যাওয়ার আগে ট্রাম্প ফিলিপাইন সফর করেন, যেখানে তিনি আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। সেখানে এক ছবিতে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির স্থানীয় সময় গত রাতে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট। তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার পঞ্চম-পদস্থ সদস্য এবং শি জিনপিং-এর চিফ অফ স্টাফ কাই চি।
ভ্লাদিমির পুতিনের এবারের সফর ঘিরে গোটা বিশ্বেরই নজর এখন শেনজেনের দিকে। কারণ এটি নিছক একটি অ্যাপেক সফর নয়। এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা নেতা শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক।
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা অ্যাপেক-এর পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে জানানো হয়েছিল। তিন প্রভাবশালী নেতার এটিই হবে সর্বপ্রথম বৈঠক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনার জন্যই পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, ট্রাম্পও অক্টোবরে বলেছিলেন যে, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।