সকল মেনু

সবশেষ

চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, ফোনে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলি ছোড়ার পর ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মো. জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সম্প্রতি আবারও ফোন করে একই অঙ্কের টাকা দাবি করা হয়।

জাফর জানান, প্রায় ১০ মাস আগে চাঁদা দাবির সময় তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফেরার পর রায়হান আর যোগাযোগ করেননি। তবে গত বুধবার আবার ফোন করে চাঁদা দাবি করা হয়। এরপর রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে তার ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই কক্ষে কেউ থাকতেন না। গুলি ছোড়ার পর তাকে ফোন করে হুমকি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন এলাকায় বড় সাজ্জাদের নাম ব্যবহার করে ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন রায়হান ও ডেভিড ইমন। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে।

ওসি আরও বলেন, অভিযুক্ত রায়হান ও ভুক্তভোগী জাফরের বাড়ি রাউজান উপজেলায়। তারা পরস্পরকে চেনেন। এ ঘটনায় জাফরকে থানায় মামলা করতে আসতে বলা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করবেন বলে তিনি জানিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।