ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির তেরঙা মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন দলটির নেতা অভিজিৎ দিপকে। তবে কর্মসূচি বন্ধে জরুরি অন্তর্বর্তী নির্দেশ দেননি সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় জমায়েতের পরিবর্তে ১১ জনের একটি দলকে জাতীয় পতাকা নিয়ে অবস্থান ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে দিল্লি পুলিশ।
শুক্রবার এ-সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সব পক্ষের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা প্রকাশ করেন। আদালত বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উৎসবের মৌসুমে ক্ষুদ্র ব্যবসায়ী ও দৈনিক মজুরির ওপর নির্ভরশীল মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। গত ১৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানাতে গিয়ে দলটির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হন। পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে প্রবেশ এবং সংশ্লিষ্ট শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তারা বর্তমানে তিহার জেলে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই নেতার গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার কনট প্লেসে তেরঙা মিছিলের ডাক দেন অভিজিৎ দিপকে। তার অভিযোগ, জাতীয় পতাকা ওড়ানোর কারণেই দলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, তাদের আন্দোলনের কারণে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে না। বরং প্রতিবাদ ঠেকাতে প্রশাসন যখন শহরের বিভিন্ন এলাকায় কড়াকড়ি আরোপ করে, চলাচলে বাধা দেয় এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখে, তখন সাধারণ মানুষের জীবিকা বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ব্যবসায়ীদের উদ্বেগ, ক্ষতির দাবি
দিল্লির ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনট প্লেসের ব্যবসায়ীদের একাংশ অবশ্য ভিন্ন উদ্বেগের কথা জানিয়েছেন। তাদের দাবি, গত কয়েক সপ্তাহের রাজনৈতিক কর্মসূচি ও পুলিশি বিধিনিষেধের কারণে ক্রেতাদের যাতায়াত কমেছে। উৎসবের মৌসুমে এমন পরিস্থিতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিক্ষোভের কারণে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন ব্যবসায়ীদের একাংশ। তবে এই ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ পরিস্থিতিতে সেন্ট্রাল পার্ক ও আশপাশের এলাকায় রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যবসায়ী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।