দেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। তবে মুক্তির আগেই আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এবার অস্ট্রেলিয়ার দুটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। ফলে ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করা আশনা হাবিব ভাবনাকে ঘিরেও তৈরি হয়েছে নতুন আগ্রহ।
আগামী ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি। চার দিনব্যাপী এ উৎসব চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর ১২ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইসলাম।
এর আগে মস্কো ও কাজান চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। মেলবোর্ন উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতি ও দর্শকের পরিবর্তিত রুচিকে ঘিরে। গল্পে দেখা যায়, দর্শকের চাহিদা মেটাতে কীভাবে মূল যাত্রার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামে এক নৃত্যশিল্পী হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই চরিত্রেই অভিনয় করেছেন ভাবনা।
চরিত্রটির জন্য প্রায় নয় কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। ভিন্নধর্মী চরিত্রটি পর্দায় তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত ছিলেন ভাবনা। সিনেমায় ভাবনা ছাড়া অন্য অভিনয়শিল্পীদের সবাই বাস্তব যাত্রাশিল্পী। ফলে আন্তর্জাতিক উৎসবে সিনেমাটির পাশাপাশি ভাবনার অভিনয় নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার দুই উৎসবে সিনেমাটির অংশগ্রহণ সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।
ভাবনা বলেন, ‘প্রিন্সেস রোজী আমার জন্য বিশেষ একটি চরিত্র। আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি যাচ্ছে, এটা সত্যিই আনন্দের। আশা করছি, অস্ট্রেলিয়ার দর্শকরাও গল্প ও অভিনয়ের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।