পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলা হবে। এতে কারও আপত্তি থাকলে তিনি বাংলাদেশে চলে যেতে পারেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের গ্রাম ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
তার হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের মতো করে গড়ে তোলার পথে কেউ বাধা দিতে পারবে না। কারও বাপের হিম্মত থাকলে আটকাক।
বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও এনকাউন্টার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, রাজ্যে প্রয়োজনে আরও এনকাউন্টার হবে। শুধু এনকাউন্টার নয়, বুলডোজার অভিযানও চলছে।
রাজ্যে এনকাউন্টার নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, সারা বিশ্বে এবং ভারতের বিভিন্ন রাজ্যে এনকাউন্টার হচ্ছে। যাদের কবজির জোর নেই, তারাই এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। তারা অপরাধীদের সঙ্গে সমঝোতা করে। কিন্তু বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে কোনো সমঝোতা করবে না।
তবে তার সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে প্রশ্নের জবাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করছেন, পশ্চিমবঙ্গের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় উপেক্ষা করে রাজ্যকে উত্তরপ্রদেশের আদলে গড়ে তোলার চেষ্টা হচ্ছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ হলে আপত্তি ছিল না, উত্তরপ্রদেশ হলে অসুবিধা কোথায়? যাদের অসুবিধা হচ্ছে, তারা বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেওয়া হবে। দরজা খুলে দেওয়া হবে।
এরপর আরও আক্রমণাত্মক সুরে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাব, গুজরাট বানাব। কারও বাপের হিম্মত থাকলে আটকাক।
দিলীপ ঘোষের এ বক্তব্য ঘিরে নতুন করে সামনে এসেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাঙালি পরিচয় ও আঞ্চলিক সংস্কৃতির প্রশ্ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালিবিরোধী রাজনীতির অভিযোগকে বড় প্রচার হিসেবে তুলে ধরেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এ বিষয়টি রাজনৈতিক প্রচারে গুরুত্ব পেয়েছিল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই রাজ্যকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার বিষয়ে দিলীপ ঘোষের এ বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।