প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আমরা সকল ষড়যন্ত্রের জবাব দেব।’
শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকে ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন। আজকের এই র্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার দিন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, সেটি হোক গণতন্ত্র রক্ষার দিন।
নয়াপল্টনে লাখো নেতা-কর্মীর কাছে সমর্থন চেয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ এই সময় নেতাকর্মী-সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানায়।
বিকেল পৌনে ৩টায় নয়াপল্টনে লাখো জনতার মধ্যে উপস্থিত হন ৭ নভেম্বরে সিপাহি জনতার নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন আপামর জনসাধারণের। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। পরে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ র্যালি।
র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে পুরো পল্টন এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে। ঘোড়ার গাড়ি ও হাতিসহ ব্যানার, ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। নয়াপল্টনে এসব ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এই আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।