সকল মেনু

সবশেষ

কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে দাম কমলো ৩০ টাকা

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

প্রায় আট মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে কাঁচা মরিচবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আমদানি শুরুর প্রথম দিনেই এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। সকালে ২৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ বিকেলে ৩০ টাকা কমে ২৫০ টাকায় নেমে এসেছে।

 

 

ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক দিনে আমদানির পরিমাণ বাড়লে দেশের বাজারে কাঁচা মরিচের দাম আরও কমবে।

বন্দর সূত্র জানায়, সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। পরে আমদানি অনুমতিপত্র (আইপি) বন্ধ থাকায় প্রায় সাড়ে আট মাস এ পণ্যের আমদানি বন্ধ ছিল। সম্প্রতি সরকার নতুন করে আইপি অনুমোদন দেওয়ায় আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

 

 

হিলি স্থলবন্দরের আমদানিকারক আমিনুল ইসলাম পলাশ বলেন, ভারতের নাসিক থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। শুল্ক, ভ্যাট, পরিবহন, লোড-আনলোডসহ অন্যান্য ব্যয় যোগ হলেও পাইকারি পর্যায়ে প্রতি কেজির দাম প্রায় ৮০ টাকার মধ্যে থাকবে। এতে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম দ্রুত ১০০ টাকার নিচে নেমে আসতে পারে বলে আশা করছেন তিনি।

 

 

 

 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, এ বন্দরের ৬৯ জন আমদানিকারক ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে। পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে, যাতে আমদানিকারীরা কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।