ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। আন্তর্জাতিক এই ফ্যাশনে অভিষেকেই নজর কাড়লেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে একটি বিশেষ পোশাক। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি গাউনটিতে ছিল আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।
রাশমিকার পরা এই গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে ও নানা ধরনের সারফেস এমবেলিশমেন্টে ফুটিয়ে তোলা হয়েছে জটিল সব নকশা।
স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক যোগ করেছে গ্ল্যামারের আবহ। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও বাড়িয়েছে লুকের আকর্ষণ।
পোশাকের নকশাই যেহেতু ছিল মূল আকর্ষণ, তাই গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটিতে সেজেছেন রাশমিকা। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে পূর্ণতা পেয়েছে তাঁর সাজ। সঙ্গে ছিল গুচির ব্যাগ।
ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্যাপনকে সামনে রেখে মিলানে আয়োজন করা হয়েছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন। এভাবে ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।
বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে আন্তর্জাতিক এই ফ্যাশন মঞ্চ। সেখানেই ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনে রাশমিকার লুক আলাদা করে নজর কেড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।