ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় এমপি গিলাদ কারিভ। তিনি বলেছেন, ইসরাইলে অস্তিত্ব রক্ষার জন্যই নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো জরুরি। খবর আনাদোলুর
শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঘিরে ইসরাইলি সেনাবাহিনীর তদন্ত নিয়ে নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করে এসব মন্তব্য করেন তিনি।
কারিভ অভিযোগ করেন, ৭ অক্টোবরের হামলার পর কয়েক মাস ধরে গাজার আশপাশের কিবুতজ এলাকায় যাওয়ার বিষয়টি যেমন নেতানিয়াহু এড়িয়ে গেছেন, তেমনি ওই দিনের ঘটনাগুলো নিয়ে সেনাবাহিনীর তদন্তের বিষয়টিও তিনি এড়িয়ে যাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু বারবার ইসরাইলের নিরাপত্তার বিষয়টিকে ‘অবহেলা’ করেছেন এবং জাতীয় নিরাপত্তা পরিচালনায় ‘সম্পূর্ণ অযোগ্যতার’ পরিচয় দিয়েছেন। কারিভ বলেন, ‘এমন একজন ব্যক্তিকে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।
তার মতে, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো এখন ইসরাইলি সমাজের ‘অস্তিত্বের জন্য প্রয়োজন’।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখতে ইসরাইলেরাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে। বিরোধী দলগুলোর পাশাপাশি দেশটির সাধারণ মানুষের একটি বড় অংশও এ দাবি জানিয়ে আসছে।
তবে নেতানিয়াহুর সরকার রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে সরকারের নিয়োগ করা একটি তদন্ত প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছে তারা।
নির্বাচনে চাপ বাড়ছে নেতানিয়াহুর
ইসরাইলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। জনমত জরিপে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এর মধ্যে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচারও চলছে। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।