রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। জ্বলন্ত বাস থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মেট্রো স্টেশন। এ সময় আতঙ্কিত যাত্রীরা জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়। পরে সেই আগুনের ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করে। ধোঁয়ার কারণে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আগুন দেওয়া বাসটির চালক বা কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/dhaka/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/2026/11/09/newsID_5503/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-১১-২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ