সকল মেনু

সবশেষ

আমাকে তোমার সাথে নিয়ে চলো থেকে বিচ্ছেদ, শেষ হলো প্রীতম-শেহতাজের গল্প

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ৭, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

‘আমাকে তোমার সাথে নিয়ে চলো’—২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে শেহতাজ মনিরা হাশেমের বলা এই সংলাপ যেন বাস্তব জীবনেও নতুন এক গল্পের শুরু করেছিল। সেই গানের শুটিংয়েই পরিচয় হয় প্রীতম ও শেহতাজের। কাজের সূত্রে যোগাযোগ, এরপর বন্ধুত্ব—একসময় সেই সম্পর্ক গড়ায় প্রেমে।

প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেন তারা। শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে পাহাড় ও চা-বাগানঘেরা পরিবেশে বসেছিল তাদের বিয়ের আসর। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা এতে উপস্থিত ছিলেন। নিজের বিয়ের পোশাকের নকশাও নিজেই করেছিলেন শেহতাজ।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে নানা মুহূর্তের ছবি নিয়মিতই দেখা যেত। কখনো ঘুরতে যাওয়া, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা, আবার কখনো বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত হওয়া—সব মিলিয়ে তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত খুব একটা দেখা যায়নি।

২০২৩ সালে নিজেদের বাসায় ওঠেন প্রীতম-শেহতাজ। সংসারের পাশাপাশি দুজনেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যেই প্রীতমের সংগীতজীবনে আসে বড় পরিবর্তন।

কোক স্টুডিও বাংলায় কাজের পর ‘তুফান’ সিনেমা প্রীতমের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। সিনেমাটির গান ও অভিনয়ের মাধ্যমে তিনি আরও বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছে যান। আগে থেকেই নিজের শ্রোতাশ্রেণি থাকলেও ‘তুফান’-এর পর তার পরিচিতি আরও বিস্তৃত হয়। দেশ-বিদেশে বাড়তে থাকে স্টেজ শোর সংখ্যা, সেই সঙ্গে বাড়ে কাজের ব্যস্ততাও।।

এরপর ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদমামা’ ও ‘দ্বিধা’ এবং ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ গানও তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। একের পর এক গান, স্টেজ শো এবং দেশ-বিদেশে বিভিন্ন কাজ—সব মিলিয়ে দ্রুতই ব্যস্ত হয়ে ওঠেন প্রীতম।

এদিকে গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে প্রীতম ও শেহতাজ জানান, তারা আর বৈবাহিক সম্পর্কে নেই। বিচ্ছেদের ঘোষণা অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে। কারণ, প্রকাশ্যে তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তই বেশি দেখা গেছে।

তবে ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল আরও আগে। সেই দূরত্বের সঙ্গে প্রীতমের ক্যারিয়ারে আসা বড় পরিবর্তন ও ক্রমবর্ধমান ব্যস্ততারও যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।

২০১৭ সালের ‘জাদুকর’-এর শুটিং থেকে শুরু হওয়া পরিচয়, দীর্ঘ প্রেম, ২০২২ সালের বিয়ে এবং চার বছরের দাম্পত্য—সবশেষে ২০২৬ সালে এসে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।