সকল মেনু

সবশেষ

শুভ-কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে জমজমাট প্রিমিয়ার

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : অক্টোবর ৭, ২০২৬
পড়তে: ৩ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটরিয়ামে বসেছিল চরকির নতুন অরিজিনাল ফিল্মের প্রিমিয়ার শো। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সেখানেই হাজির হয়েছিলেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ, যিনি সিনেমাটিতে প্রথমবারের মতো ছোটপর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন।

এ মুহূর্তে প্রেম, বিরহ আর প্রেমের গল্প নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্মের কোনো অভাব নেই। কিন্তু বিয়ের পর একটা যুগলের জীবনে আসলে কী ঘটে, সেই ‘বিবাহিত জীবন’ নিয়ে পর্দায় গল্প খুব একটা দেখা যায় না। সেই চিন্তা থেকেই তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’। আর কেন্দ্রীয় চরিত্রে জুটি হয়ে কাজ করেছেন অভিনেত্রী কেয়া পায়েল ও অভিনেতা আরিফিন শুভ।

সম্প্রতি এ অভিনেতা সামাজিক মাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুকে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। অনেকে ভেবেছিলেন— এটি তার ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। পরে জানা যায়, সেটি মূলত এ সিনেমারই প্রচারের অংশ ছিল।

‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটির গল্প এগিয়েছে ডিজিটাল যুগের জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপড়েন কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে রয়েছেন সহজ-সরল ও সৎ যুবক আনিস, যে চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা, যার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ আর ভার্চুয়াল জগতের রঙিন দুনিয়া ঘিরে। এমন চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

ছবিয়াল সহপ্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সপ্তম এই ওয়েব ফিল্মটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। এদিন প্রিমিয়ার অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ সিনেমার অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন।

‘হ্যাপিলি ম্যারিড’ প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আরিফিন শুভ। সিনেমাটির বিষয়বস্তু যেহেতু দাম্পত্য জীবন, তাই এ তারকার কাছে প্রশ্ন রাখা হয়— বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কিংবা উপায় আসলে কী? এমন প্রশ্নের উত্তরে আরিফিন শুভ বলেন, ‘ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে— প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।’ শুভর এমন জবাবে উপস্থিত প্রায় সবাই হেসে ওঠেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী কেয়া পায়েল জানান, ক্যামেরার পেছনের মানুষসহ পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। সবাই মিলে অনেক কষ্ট করলেও কাজটিতে তারা বেশ আনন্দ পেয়েছেন। দর্শকরা তাকে নিয়মিত স্ক্রিনে পাচ্ছেন না কেন— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, তিনি নিজে তো আর কাজের কারণ বা সুযোগ তৈরি করেন না, সুযোগ তার কাছে আসে। সামনে এমন কাজ বা কারণ যত বেশি তৈরি হবে, দর্শকরা তাকে তত বেশি পর্দায় পাবেন বলে জানান কেয়া পায়েল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।