বিশ্বজুড়ে আলো, ক্যামেরার ঝলকানি আর ভক্তদের করতালির মধ্যেই কেটে যায় তার জীবন। তবে খ্যাতির এই উজ্জ্বল আলোর আড়ালেও থাকে ক্লান্তি, থাকে নিজের জন্য কিছুটা সময়ের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার কথাই যেন এবার জানিয়ে দিলেন মার্কিন পপতারকা আরিয়ানা গ্র্যান্ডে।
গত কয়েক বছরের টানা ব্যস্ততা, ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা-সমালোচনা এবং সামাজিক মাধ্যমের নানা বিষয়ে নজরদারি—সব মিলিয়ে খানিকটা ক্লান্ত হয়ে পড়েছেন এই গায়িকা-অভিনেত্রী। তাই এবার কিছুদিনের জন্য জনসমক্ষে উপস্থিতি ও আলোচনা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরিয়ানার প্রতিনিধি যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ইটারনাল সানশাইন ট্যুর’ শেষ হওয়ার পর তিনি কিছুদিনের জন্য জনসমক্ষে উপস্থিতি এবং বিভিন্ন আয়োজন থেকে বিরতি নেবেন। এই বিরতির মূল উদ্দেশ্য নিজের জন্য সময় বের করা এবং নতুন উদ্যমে ফিরে আসা।
বিবৃতিতে বলা হয়, ‘আরিয়ানা এই সফরটি সুস্থ ও আনন্দের সঙ্গে শেষ করতে চান। এরপর তিনি একটি বিরতি নেবেন। আরিয়ানার প্রতিনিধি আরও জানান, এই ট্যুরটি তাঁর জন্য ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। তিনি ভক্তদের ভালোবাসেন এবং সফরের প্রতিটি মুহূর্ত আন্তরিকভাবে উপভোগ করছেন। ৪১টি শো নিয়ে সাজানো ‘ইটারনাল সানশাইন ট্যুর’ শেষ হবে লন্ডনের ওটু অ্যারেনায় টানা ১০টি কনসার্টের মধ্য দিয়ে। আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সফরের শেষ পরিবেশনা। এরপরই কিছুদিনের জন্য স্পটলাইট থেকে নিজেকে সরিয়ে নেবেন আরিয়ানা।
গত এক বছর যেন থামার সুযোগই পাননি এই গ্র্যামিজয়ী শিল্পী। ‘উইকেড’ সিনেমার দ্বিতীয় কিস্তির প্রচারণা, ছয় বছর পর বিশ্বভ্রমণ কনসার্টে ফেরা এবং অষ্টম স্টুডিও অ্যালবাম ‘পেটেল’-এর প্রকাশ। সব মিলিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে তাঁর সময়। এর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন; শেষ হয়েছে তাঁর তিন বছরের সম্পর্ক।
অন্যদিকে আগামী গ্রীষ্মে লন্ডনের ওয়েস্ট এন্ডে কিংবদন্তি সুরকার স্টিফেন সন্ডহাইমের বিখ্যাত মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’-এর নতুন মঞ্চায়নে অভিনয়ের পরিকল্পনা থেকেও আরিয়ানা সরে এসেছেন বলে জানা গেছে। সেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকার কথা ছিল জনাথন বেইলির।
তবে কাজের ব্যস্ততার চেয়েও বেশি আলোচনায় ছিল আরিয়ানার ব্যক্তিগত জীবন। ‘উইকেড’-এর সহশিল্পী ইথান স্লেটারের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন, কনসার্টে ‘থ্যাংক ইউ, নেক্সট’ গানের পরিবর্তিত লিরিক এবং তাঁর ব্যক্তিগত পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলেছে নানা আলোচনা। যার প্রতিফলন দেখা যায় আরিয়ানার নতুন অ্যালবাম ‘পেটেল’-এও।
অ্যালবামটির ঘোষণা দিতে গিয়ে তিনি বলেছিলেন, কঠিন ও চ্যালেঞ্জিং বাস্তবতার মধ্য দিয়ে নতুন জীবনের সন্ধান পাওয়ার গল্পই এতে উঠে এসেছে। অ্যালবামের ‘লাইক আই ডু’ গানেও জনসমালোচনার জবাব দিয়েছেন আরিয়ানা। তাঁর বার্তাটি স্পষ্ট—সমালোচনা তাঁকে থামাতে পারেনি; বরং আরও শক্তিশালী করেছে।
দীর্ঘদিনের ব্যস্ততা ও আলোচনার মূলে থাকার পর এবার আরিয়ানার চাওয়া শুধু একটু অবকাশ। কিছুদিনের এই বিরতি হয়তো তাঁকে আবার নতুন সৃষ্টির শক্তি দেবে আর ভক্তরাও অপেক্ষায় থাকবেন তাঁর নতুন প্রত্যাবর্তনের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।