রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ‘বোমাসদৃশ’ বস্তু সন্দেহে আতঙ্ক ছড়ানোর ঘটনায় বস্তাটি কে বা কারা সেখানে রেখে গিয়েছিল তা জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বস্তাটি স্টেশনের যেখানে পাওয়া যায়, সেটি সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল। ফলে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। এছাড়া স্টেশনে স্থাপিত বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিবক্সের পাশের সিসি ক্যামেরা শুক্রবার রাত ৩টার পর থেকে বন্ধ ছিল বলে সূত্র জানিয়েছে।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, পরিত্যক্ত বস্তাটিতে পান, সুপারি ও জর্দার কৌটা ছিল। বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য না থাকায় ওই ঘটনায় মামলা হয়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত গণসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী বলেন, বস্তাটি স্টেশনের একপাশে পাওয়া গেছে। সেখানে সিসি ক্যামেরা নেই। যে সিসি ক্যামেরা বন্ধ থাকার কথা বলা হচ্ছে সেটি মেট্রোরেল কর্তৃপক্ষের নয়। ঠিকাদারি কোনো প্রতিষ্ঠানের হতে পারে।
.
গত শনিবার সকালে মিরপুর ১০ নম্বরে মেট্রোরেল স্টেশনে ‘বোমাসদৃশ’ বস্তু থাকার খবরে আতঙ্কে ছড়িয়ে পড়ে। পরে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিস্ক্রীয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে তাতে বোমা পায়নি। বস্তার মধ্যে পান, সুপারি ও জর্দার কৌটা ছিল। প্রায় একই সময় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও ‘বোমাসদৃশ’ বস্তু সন্দেহে আতঙ্ক সৃষ্টি হয়। সেটিতেও কোনো বোমা ছিল না বলে জানায় পুলিশ। সেখানেও সিসি ক্যামেরা নেই।
.
বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশ সদরদপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। বার্তায় পুলিশের যানবাহনে হামলার শঙ্কা জানানো হয়। গতকাল রোববার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলামের কাছে ওই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুলিশের এ সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে মনে করিয়ে দেওয়ার বার্তা। আমরা জনগণের জানমালের নিরাপত্তার বিধান করি। পাশাপাশি নিজেদের নিরাপত্তাও দেখতে হয়। কাজেই আমরা সবসময় সতর্ক থাকি। আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে, যেন পুলিশের যানবাহন, স্থাপনা নিরাপদ থাকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।