সকল মেনু

সবশেষ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত করা হয়েছে

শেষ মুহূর্তে আবারও বাতিল হলো সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : জুলাই ৩০, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দাবি করলেও শেষ মুহূর্তে আবারও বাতিল হলো কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট।

আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বুধবার দিবাগত রাতে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। ফলে বাধ্য হয়েই অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে।

কনসার্ট বাতিলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ট্রিপল টাইমস কমিউনিকেশনের প্রতিনিধি প্রীতম দে বলেন, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছি। প্রথমে অনুমতি না পেয়ে অনুষ্ঠান স্থগিত হয়েছিল। পরে আবার অনুমতি দেওয়া হলেও শেষ সময়ে সেটিও স্থগিত করা হলো। এতে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী দর্শক, সহশিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্ট অংশীদারদের কাছে আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে আমরা সম্মান জানাই এবং তা মেনে নিয়েছি।

টিকিটধারীদের উদ্দেশে আয়োজকরা জানিয়েছেন, অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে শতভাগ অর্থ ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের বিস্তারিত প্রক্রিয়া শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুন মাসে সরকারি নির্দেশনার কারণে অনুপম রায়ের ঢাকায় নির্ধারিত কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।