মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা ও পালটা হামলা শুরু হওয়ায় আন্তর্জাতিক জ্বালানির বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের কাছাকাছি উঠে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটা নাগাদ আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯৭ দশমিক ০৪ ডলার পর্যন্ত উঠে যায়। পরে কিছুটা কমে ৯৪ দশমিক ৭৬ ডলারে দাড়িয়েছে। যা আগের দিনের তুলনায় ১১ সেন্ট বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ৯০ দশমিক ২৬ ডলার ছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সামরিক সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। কারও মতে, এমন চললে খুব দ্রুত শত ডলার ব্যারেল ছুঁয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, সোমবার হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে—যুদ্ধ শুরুর পর এটি ওই নৌপথ দিয়ে তেল পরিবহনের সর্বোচ্চ দৈনিক পরিমাণ।
তবে ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে কাতার ও ওমানসহ মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, তাতেও এখনও স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। ফলে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।