VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজিতে ছাড় নয়, বিএনপির কেউ জড়িত হলেও ব্যবস্থা: কড়া বার্তা প্রতিমন্ত্রীর

লেখক: ভিটিভি বিডি ডেক্স

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত টাকা আদায় করলে ডিএসসিসি প্রশাসককে আইনগত ও সিটি করপোরেশন আইনের আওতায় ব্যবস্থা নিতে হবে।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর সবুজবাগের বরদ্দেশরী কালীমাতা মন্দিরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অপরাধীদের সঙ্গে কোনো আপস করা হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানুষের বা এলাকার ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

 

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। বিএনপির কেউ এসব অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে যাকে ধরতে হয়, তার কোনো রাজনৈতিক পরিচয় গ্রহণ করবেন না। সে যেই হোক, তাকে ধরবেন, চালান দিয়ে দেবেন। আমরা তার শাস্তি চাই।

হাবিবুর রশিদ বলেন, শুধু প্রশাসনকে দোষারোপ করলে হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির অঙ্গসংগঠনগুলোকেও এ বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দলের মধ্যে গ্রুপিংয়ের কারণে কেউ কেউ নিজেদের স্বার্থে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেন। তাদের চিহ্নিত করা হবে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, জনগণ ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। তাই মানুষের কাছে তাদের প্রত্যাশা ও দাবিও বেশি। এসব দাবি স্বাভাবিক। মানুষের দাবিগুলো পূরণে উন্নয়নকাজ চলমান রয়েছে।

 

 

ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের উদ্যোগের প্রশংসা করে হাবিবুর রশিদ বলেন, সিটি করপোরেশনের বাজেট স্বল্পতা রয়েছে। তারপরও সালাম ভাই এলাকার উন্নয়নে যথেষ্ট চেষ্টা করছেন। বর্তমান সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বাবু পবন দাস ও সাধারণ সম্পাদক বাবু গুরু দাসসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/bangladesh/2026/08/15/newsID_921/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৮-২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ