নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকো ভেঙে নদীর কুলে পড়ে যান জামায়াতের নেতা-কর্মীরা। অল্পের জন্য রক্ষা পান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়ন সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ ওঠার কারণে কাঠের একটি অংশ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। স্থানীয় লোকজন ও এমপির সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/bangladesh/2026/08/12/newsID_817/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১২-০৮-২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ