VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ

পাকিস্তানের মানচিত্রে বড় পরিবর্তন, চার প্রদেশ ভেঙে যাচ্ছে

লেখক: ভিটিভি বিডি ডেক্স

পাকিস্তানের চারটি প্রদেশকে ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান ইকবাল এসব কথা জানান। তিনি বলেন, ‘আমি শুনেছি, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়ে চলমান বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে তিনি গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়ে আহসান ইকবাল বলেন, রাজধানীর জন্য বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী পর্যালোচনা করে আমরা স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব দিয়েছি। ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ এবং স্বশাসনব্যবস্থা প্রয়োজন।’

প্রস্তাবিত মডেলে ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ রাখার কথা বলা হয়েছে। বর্তমানে রাজধানী-সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে গঠিত পাকিস্তানের পার্লামেন্টে উত্থাপন করতে হয়।

প্রস্তাব অনুযায়ী, ইসলামাবাদে একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদ থাকতে পারে। এর মধ্যে ২১টি সাধারণ আসন, নারীদের জন্য তিনটি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার কথা রয়েছে। পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের স্থানীয় সরকারব্যবস্থাও চালু করা হতে পারে বলে জানান আহসান ইকবাল।

তিনি আরও বলেন, রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের এলাকাগুলো ইসলামাবাদের সীমানায় যুক্ত করে রাজধানীর আয়তন বাড়ানোর বিষয়েও আলোচনা শুনেছেন তিনি। এতে ইসলামাবাদ একটি স্বতন্ত্র প্রদেশের মর্যাদা পেতে পারে।

আরও পড়ুন: ইরানকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আহসান ইকবাল বলেন, অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়ে আগামী ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানের ৯৬ সদস্যের উচ্চকক্ষে বর্তমানে চারটি প্রদেশের প্রত্যেকটির সমান প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, ‘অন্যথায় সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে তারা বলতে পারে, সিনেটে তাদের জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নেই। আর সেটি ছয় বছরের জন্য হতে পারে।’

এদিকে পাকিস্তানে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে চলা জল্পনাও নাকচ করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে কোনো গুরুতর প্রস্তাবের কথা তিনি শোনেননি।

নতুন প্রদেশ গঠনের বিতর্ক এগিয়ে নিতে রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আহসান ইকবাল। তিনি বলেন, ‘রাজনীতিবিদদেরই নেতৃত্ব দিয়ে এই বিতর্ক এগিয়ে নেওয়া উচিত, যাতে এখান-সেখান থেকে বিচ্ছিন্নভাবে প্রস্তাব না আসে। এড়িয়ে যাওয়ার প্রবণতা কোনো সমাধান দিচ্ছে না।’

পাকিস্তানের প্রশাসনিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রশাসনিক সংস্কার প্রয়োজন। কারণ, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর পর প্রদেশগুলো কোনো দায়িত্বই নিম্নপর্যায়ে হস্তান্তর করেনি। এর ফলে প্রদেশগুলোতে অতিরিক্ত কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে।’

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/19/newsID_5834/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-১১-২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ