মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে এফডব্লিউএমএস (FWMS)-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা কড়া নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১১ দফা নির্দেশনা
১. মেডিকেল স্লিপ ইস্যুর সীমা: ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ওপর ভিত্তি করে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ দেওয়া যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে গিয়ে স্লিপ ইস্যু করতে পারবে না।
২. দৈনিক প্রতিবেদন সংরক্ষণ ও প্রেরণ: প্রতিদিন সম্পাদিত মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে এবং তা অনলাইনে পাঠাতে হবে।
৩. মন্ত্রণালয়ে তথ্যসহ প্রতিবেদন দাখিল: সম্পাদিত সব মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এতে মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে উল্লেখ থাকতে হবে।
৪. মেডিকেল পরীক্ষার ফি: মেডিকেল পরীক্ষার সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। নির্ধারিত এই ফির বাইরে প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না।
৫. হয়রানি ও জালিয়াতি রোধ: একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। পাশাপাশি কোনোভাবেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারগুলোর সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৬. খরচ বহনের দায়বদ্ধতা: বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে, সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচ ওই সেন্টারকেই দিতে হবে।
৭. অবকাঠামো ও সেবার মান: প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সব আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং সেন্টারে পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।
৮. মাইগ্রাম ফি নিষিদ্ধ: ‘মাইগ্রাম’ (MyGram) নামে প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না।
৯. শাস্তিমূলক ব্যবস্থা: নির্ধারিত শর্তের কোনো একটি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত এবং লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০. কঠোর মনিটরিং: নির্দেশনাগুলো যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে।
১১. দৃশ্যমান বিলবোর্ড: প্রতিটি মেডিকেল সেন্টারকে তাদের প্রবেশপথের সামনে দৃশ্যমানভাবে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/national/2026/11/19/newsID_5831/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-১১-২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ