VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

শি জিনপিংয়ের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

লেখক: ভিটিভি বিডি ডেক্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে নিজের দেশের জন্য একটি পান্ডা চেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে চীনের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার অংশ হিসেবে তিনি এ অনুরোধ জানান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনজেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শেইনবাউম। এর আগে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

শেইনবাউম বলেন, আগামী বছর মেক্সিকো ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি হবে। এটি দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। বৈঠকে পর্যটন খাতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের অংশীদারত্বের অংশ হিসেবে মেক্সিকো সিটির চ্যাপুলটেপেক চিড়িয়াখানার জন্য একটি পান্ডা চাওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে অত্যন্ত ভালো, আন্তরিক ও খোলামেলা আলোচনা হিসেবে উল্লেখ করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

মেক্সিকো সিটির চ্যাপুলটেপেক চিড়িয়াখানায় বর্তমানে চীনের মালিকানাধীন নয় এমন একমাত্র পরিচিত জায়ান্ট পান্ডাটি রয়েছে। ৩৬ বছর বয়সি স্ত্রী পান্ডাটির নাম শিন শিন। ১৯৭৫ সালে মেক্সিকোতে আনা পান্ডাদের ধারাবাহিকতায় বর্তমানে এটিই সর্বশেষ জীবিত সদস্য।

১৯৮০-এর দশক থেকে পান্ডা হস্তান্তরের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করছে চীন। দেশটি নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পান্ডা ধার দেয়। বিনিময়ে বন্য পান্ডা সংরক্ষণ কার্যক্রমে অর্থ দিতে হয় সংশ্লিষ্ট দেশকে।

পূর্ব এশিয়ার নাতিশীতোষ্ণ বনাঞ্চলে বসবাসকারী সাদা-কালো রঙের এই প্রাণী সাধারণত বন্য পরিবেশে দীর্ঘ দূরত্ব পাড়ি দেয় না। তবে বিদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কয়েক দশক ধরে ‘পান্ডা কূটনীতি’ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে বেইজিং।

এর আগে তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে কূটনৈতিক বিরোধের জেরে চলতি বছরের শুরুতে দেশটি থেকে নিজেদের দুটি পান্ডা ফিরিয়ে নেয় চীন।

বৈঠকে শেইনবাউম চীনের সঙ্গে সম্পর্ককে ‘নতুন যুগে’ প্রবেশের বিষয় হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে শি জিনপিং বলেন, জটিল বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দুই দেশের সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন।

সূত্র: সিএনএ

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/19/newsID_5808/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-১১-২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ