VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:২১ অপরাহ্ণ

বিয়ের এক মাস আগে তরুণীকে কুপিয়ে জখম, আটক প্রেমিক

লেখক: ভিটিভি বিডি ডেক্স

দুপুরের খাবারের বিরতিতে সহকর্মীদের সঙ্গে কারখানা থেকে বাসার দিকে হাঁটছিলেন নূপুর আক্তার (২৬)। কিছু দূর আসতেই পেছন থেকে এক তরুণ এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। আত্মরক্ষায় হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তারপরও থামেননি ওই তরুণ। এলোপাতাড়ি কোপানোর পর তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান।

আজ বুধবার বেলা সোয়া একটার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রূপনগর এলাকার রাইজিং ফ্যাশন কারখানার অপারেটর হিসেবে কাজ করেন।

নূপুর ভোলার লালমোহনের মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রূপনগর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কয়েকজন নারীর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন নূপুর। এ সময় পেছন থেকে কালো টি-শার্ট পরা এক তরুণ এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। নূপুর হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করেন। পরে মাটিতে পড়ে গেলেও হামলাকারী তাঁকে কোপাতে থাকেন। সঙ্গে থাকা নারীরা ভয়ে দূরে সরে যান। আশপাশের কয়েকজন তাঁকে থামতে বললেও এগিয়ে যেতে সাহস পাননি। হামলার পর তরুণটি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ বলছে, এ ঘটনায় রায়হান নামের ওই তরুণকে আটক করা হয়েছে। তার সঙ্গে নূপুরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের দুজনের মুঠোফোন পরীক্ষা করে সম্পর্কের বিষয়ে বার্তা আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে। সম্পর্কের টানাপোড়েন বা মনোমালিন্যের জেরে রায়হান ক্ষিপ্ত হয়ে নূপুরকে আঘাত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রেমঘটিত কারণেই নূপুরকে কোপানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। রায়হানকে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, নূপুরের আগামী মাসের ১২ তারিখে বিয়ের দিন ঠিক হয়েছিল। সে কারণে তাকে আঘাত করা হতে পারে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/crime/2026/11/18/newsID_5765/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১১-২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ