আইনি জটিলতা আর বিতর্কের বেড়াজাল যেন কিছুতেই কাটছে না চিত্রনায়িকা পরীমনির। মাদক মামলা থেকে শুরু করে নানা অভিযোগের বেড়াজালে প্রায়ই তাকে আদালতের চত্বরে দেখা যায়। সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে অভিনেত্রীর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তপ্ত পরিস্থিতির রেশ এখনো কাটেনি। আর এই ইস্যুতেই এবার নিজের ব্যাখ্যা তুলে ধরলেন পরীমনি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে যান পরীমনি। আদালতে আসার পর জানতে পারেন যে মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।
এরপর সিএমএম আদালতে হাজির হন এই চিত্রনায়িকা। সবকিছু বিবেচনা করে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করেন।
শুনানি শেষে আদালত চত্বরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এই অভিনেত্রী সম্প্রতি আলোচিত সেই মারামারি ও বাগ্বিতণ্ডার ঘটনার পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এভাবে যে—আমি কিন্তু সাংবাদিক! তার মানে কী দাঁড়াল?
নিজের পক্ষে সাফাই গাওয়ার সুরে অভিনেত্রী আরও যোগ করেন, ‘তখন তো আমি হিট মোমেন্টে ছিলাম; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।
উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলার হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ওই সাংবাদিককে তিনি টেনে নেন এবং মারধর করেন। পরবর্তীতে সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে অভিনেত্রীকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।
অন্যদিকে ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় র্যাবের অভিযানের পর থেকেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলে আসছে। সেই মামলার আইনি লড়াইয়ের পাশাপাশি এখন এই নতুন বিতর্কও বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/entertainment/2026/11/17/newsID_5692/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ