VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ

কারাগারে ইমরান-বুশরার গুরুতর স্বাস্থ্য সংকট, হস্তক্ষেপ চেয়ে চিঠি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

কারাগারে অবর্ণনীয় শারীরিক কষ্ট ও চিকিৎসার অভাবে যেকোনো সময় মৃত্যুর মুখে পড়তে পারেন—এমন আশঙ্কায় পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে জরুরি হস্তক্ষেপ চেয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে ইমরান জানান, দীর্ঘ সময় ধরে তাকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে। এই একাকীত্ব ও অবহেলার কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে গত ১০ নভেম্বর তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে ১৯২ বা ১৯৩ পর্যন্ত পৌঁছায়। চিকিৎসকেরা তাকে সতর্ক করে বলেছেন যে তার হৃদ্‌যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি যেকোনো সময় মস্তিষ্কে রক্তক্ষরণ বা হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন।

পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের ওপর কড়াকড়ির কথা তুলে ধরে তিনি বলেন, গত এক বছরে মাত্র চারবার আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি। এমনকি আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তার দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না।

নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির গুরুতর স্বাস্থ্য সংকট নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন ইমরান। তিনি জানান, গত এপ্রিলে চোখের রেটিনার সমস্যায় বুশরার অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু সম্প্রতি দেখা করতে গিয়ে তিনি দেখেন যে বুশরা আলো সহ্য করতে পারছেন না এবং চোখও খুলতে পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না করা হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন।

আদালতের আদেশ উপেক্ষিত হওয়ার অভিযোগ করে ইমরান বলেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষার নির্দেশ দিলেও কারা কর্তৃপক্ষ তা মানেনি।

চিঠির শেষাংশে বিচারকদের উদ্দেশে আকুল আবেদন জানিয়ে ইমরান বলেন, তিনি কোনো বাড়তি সুবিধা চাচ্ছেন না, শুধু আদালতের পূর্বের আদেশ বাস্তবায়ন ও তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তিনি লিখেছেন, আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দি আছেন ইমরান খান। পরবর্তীতে তোশাখানা-২ মামলায় গত ডিসেম্বরে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং বর্তমানে তাঁরা আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।

সূত্র: ট্রিবিউন

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/16/newsID_5659/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ