VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

দেশে নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন দিল সরকার

লেখক: ভিটিভি বিডি ডেক্স

দেশে নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি বগুড়া জেলার মোকামতলায় এবং অন্যটি সিলেট জেলার জৈন্তাপুরে গঠিত হবে।

একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা গঠন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠন করা হবে। এর মধ্য দিয়ে দুটি এলাকাই নতুন পৌরসভার মর্যাদা পেতে যাচ্ছে।

এ ছাড়া কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের সিদ্ধান্তও নিয়েছে নিকার।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের প্রস্তাবও অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে নতুন উপজেলার সদর দপ্তর।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উত্থাপন করা হয়েছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/11/16/newsID_5634/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ