VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ

দীর্ঘ বিরতি শেষে ঢাকার মঞ্চে আসছেন পপতারকা ওটিলিয়া

লেখক: ভিটিভি বিডি ডেক্স

আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত মুখ ও রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় আসছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে চলতি মাসেই বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি সংগীত পরিবেশন করবেন ‘বিলিওনেরা’খ্যাত এই শিল্পী। আগামী ২৭ নভেম্বর ঢাকার মঞ্চে তাঁর পারফরম্যান্স উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।

ওটিলিয়ার এই ঢাকা সফরকে কেন্দ্র করে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টের আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে অনুষ্ঠানটির তারিখ নিশ্চিত করেছে আয়োজকরা। পাশাপাশি জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে।

এ বিষয়ে ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই অনুমতি পাওয়া যাবে। এরপরই অনলাইনে টিকিট বিক্রি উন্মুক্ত করা হবে।

এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ঢাকার এই কনসার্টের প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টের পর থেকেই বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে তাঁকে ঘিরে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে ফিরছেন তিনি।

ওটিলিয়া মূলত ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি অর্জন করেন। গানটি প্রকাশের পর বিভিন্ন দেশের শ্রোতার কাছে জনপ্রিয়তা পায় এবং এখনও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।

উল্লেখ্য, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। এর আগে প্রতিষ্ঠানটি ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ ও ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো অনুষ্ঠান আয়োজন করেছে।

সেই ধারাবাহিকতায় এবার ওটিলিয়াকে নিয়ে নতুন এই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার জনপ্রিয় গান ও সরাসরি পরিবেশনা দর্শকদের জন্য স্মরণীয় এক সংগীতসন্ধ্যা উপহার দেবে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/11/16/newsID_5625/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ