VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ

পাসপোর্ট অফিসে হয়রানি, সড়ক নির্মাণে দুর্নীতি: দুদকের অভিযান

লেখক: ভিটিভি বিডি ডেক্স

বাংলাদেশ রেলওয়ে, আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং সড়ক নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে চারটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান চালায়। অভিযানে রেলওয়ের মালামাল ক্রয় ও সংরক্ষণে অসংগতি, বাগেরহাট পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি এবং পঞ্চগড় ও নাটোরে সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো), কমলাপুরের অধীন ঢাকা লোকো শেডের স্টোরে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়। এ সময় স্টোরে সংরক্ষিত মালামালের রেজিস্টার, ক্রয়তালিকা ও সংশ্লিষ্ট ভাউচার পর্যালোচনা করেন অভিযান পরিচালনাকারীরা।

পাশাপাশি ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েলসহ বিভিন্ন সরঞ্জামের মজুত সরেজমিনে যাচাই করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এতে মালামাল সংরক্ষণ ও রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের যোগসাজশে সেবাগ্রহীতাদের হয়রানি, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম ও অসদাচরণের অভিযোগে অভিযান চালায় দুদকের জেলা কার্যালয়। তিন সদস্যের একটি দল ছদ্মবেশে পাসপোর্ট সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে।

এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে প্রাথমিকভাবে বেশ কিছু অসংগতি পাওয়া যায়।

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের ইট বিছানোর মাত্র তিন মাসের মাথায় তা তুলে ফেলার অভিযোগেও অভিযান চালানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি দল নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কটি পরিদর্শন করে। নির্মাণকাজের মান ও ব্যবহৃত সামগ্রী যাচাইয়ের জন্য বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে নাটোরের লালপুর উপজেলায় লালপুর-ভায়া বিলমাড়ীয়া-দুরদুরিয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রাক্কলন ও নির্ধারিত শিডিউল অনুসরণ না করা এবং ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সরকারি অর্থের অপচয়ের অভিযোগে আরেকটি অভিযান চালানো হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর তিন সদস্যের একটি দল সড়ক ও জনপথ বিভাগের নাটোর কার্যালয়ের একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কটি পরিদর্শন করে। এ ছাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, নাটোর থেকে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

দুদক জানিয়েছে, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও নির্মাণসামগ্রীর নমুনা পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের কারিগরি প্রতিবেদন পাওয়ার পর কমিশনে পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/11/10/newsID_5577/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-১১-২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ