VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ

অভিনয় নয়, অপ্রাসঙ্গিক বিষয় নিয়েই বেশি আলোচনা হয়: শবনম ফারিয়া

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন। একই সঙ্গে ভালো অভিনয় করা অনেক অভিনেত্রীকে নিয়ে আলোচনা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন শবনম ফারিয়া।

পোস্টে তিনি লেখেন, আসেন বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি। তারা শুধু অভিনয়টাই করেন, এর বাইরে তারা অপ্রয়োজনীয় এন্টারটেইনমেন্ট দেন না। তাই তাদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম।

এ তালিকায় প্রথমেই জয়া আহসানের নাম উল্লেখ করেন শবনম ফারিয়া। তার সৌন্দর্য, অভিনয় ও ব্যবহারের প্রশংসা করে তিনি বলেন, অভিনয়ের বাইরে জয়া আহসানের পোষ্য, গাছ, বাগানবাড়ি রয়েছে। যারা ব্যাগ, জুতা ও ঘড়ির প্রতি আগ্রহী, তারা খেয়াল করলে দেখবেন, তার ব্যাগ ও ঘড়ির সংগ্রহ জামদানির সংগ্রহের চেয়েও সুন্দর।

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন তিনি। শবনম ফারিয়া জানান, অভিনয়ে আসার আগে তিনি দুটি সিরিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছিলেন। এর একটি ‘৬৯’ এবং অন্যটি ‘স্পর্শের বাইরে’। দ্বিতীয় সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি।

ফারিয়া লেখেন, অসাধারণ অভিনয় করতে পারেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই আমার ‘কলিংবেল’ নামের একটি সিরিজে অনেক দিন তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে তাকে কথা বলতে দেখিনি।

নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে বিশেষভাবে পছন্দ করেন শবনম ফারিয়া। তার ভাষায়, মৌসুমী হামিদ অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী। তার অভিনয়দক্ষতা বিধাতাপ্রদত্ত। তিনি খুবই চঞ্চল ও হাসিখুশি মানুষ। মৌসুমী হামিদের অভিনয় দেখে ফারিয়ার মনে হয়, ‘ইস, আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম!

অভিনেত্রী নাজিয়া হক অর্শার অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। ফারিয়ার মতে, অভিনয় শুধু সংলাপের ওপর নির্ভর করে না, এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন। অর্শার চোখের অভিব্যক্তি কথা বলে। সুবর্ণা আপার পর এই বিশেষ গুণ তিনি শুধু অর্শার মধ্যেই দেখেছেন।

আরও পড়ুন: রহস্যের জাল আরও ঘন, উত্তর মিলবে নাকি বাড়বে প্রশ্ন?

অর্শার সঙ্গে একটি নাটকের অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া জানান, কয়েক বছর আগে শিহাব ভাই তাকে একটি নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে শিডিউলসংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি করতে পারেননি। পরে নাটকটিতে অর্শা অভিনয় করেন। নাটকটি দেখে তার মনে হয়েছিল, শিডিউল নিয়ে সমস্যা হওয়ায় ভালোই হয়েছে। কারণ, অর্শা যে অভিনয় করেছেন, তা তিনি করতে পারলে চরিত্রটির প্রতি সুবিচার করতে পারতেন না।

এ ছাড়া অভিনেত্রী বিন্দুর অভিনয়, সৌন্দর্য, ফিটনেস, কথা বলার ধরন ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেন শবনম ফারিয়া। তার মতে, কোথায় কতটুকু এবং কী বলতে হবে, কী পরতে হবে, তা বিন্দু খুব ভালো বোঝেন। তার ফ্যাশন সেন্সও বেশ ভালো।

অভিনেত্রী ইশিতার প্রতিও নিজের ভালো লাগার কথা জানান ফারিয়া। ছোটবেলা থেকেই তিনি ইশিতার ভক্ত। তার ভাষায়, উনি যা-ই করেন, ভালো লাগে। ওনার সবই আমার ভালো লাগে।

এ ছাড়া বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির অভিনয়েরও প্রশংসা করেন তিনি।

শবনম ফারিয়া মনে করেন, দেশের বিনোদন অঙ্গনে ভালো অভিনয় করেন, মার্জিত ব্যক্তিত্বের অধিকারী এবং সুন্দরভাবে কথা বলেন, এমন অনেক অভিনেত্রী রয়েছেন। অথচ তাদের কাজের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশি আলোচনা হয়।

পোস্টের শেষাংশে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, শুধু জামার দাম লাখ টাকা, দুবাইয়ের অমুক-তমুক করেন এগুলো ছাড়া আমাদের দেশে সত্যিকারে ভালো অভিনয় করেন, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলেন, এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/11/10/newsID_5547/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-১১-২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ