বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার সংসার নিয়ে আলোচনা যেন থামছেই না। অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন সুনীতা। বিশেষ করে গোবিন্দের সাবেক সহ-অভিনেত্রী কোমল রানিকে ঘিরে নানা গুঞ্জন তাদের দাম্পত্য জীবনকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে কখনো অসন্তোষ প্রকাশ করলেও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সুনীতা। সম্প্রতি প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন এবং গোবিন্দের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তিনি। এক সাক্ষাৎকারে তাদের পরিবার আবার আগের মতো একসঙ্গে সুখের সময় কাটাতে পারবে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন সুনীতা।
জবাবে তিনি জানান, তাদের পরিবারের মধ্যে আবারও সুখের পরিবেশ ফিরে আসবে বলে তার বিশ্বাস। বর্তমানে সম্পর্কের পরিস্থিতি হয়ত খুব একটা অনুকূলে নেই। তবে প্রায় চার দশকের দাম্পত্য জীবন এত সহজে শেষ হয়ে যাওয়ার কথা নয় বলেই মনে করেন তিনি।
সুনীতা বলেন, ‘গোবিন্দ তার মতো কাজ করছেন, আমিও নিজের কাজে ব্যস্ত রয়েছি। কিন্তু এই জীবনে কেউ আমাদের আলাদা করতে পারবে না। বাকি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি।
নিজেদের ভবিষ্যৎ নিয়েও সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন সুনীতা। তার বিশ্বাস, তাদের দুজনের জন্য যা ভালো, ঈশ্বর শেষ পর্যন্ত সেটাই করবেন। এ বিষয়ে কারও কাছে তার কোনো প্রত্যাশা নেই। বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্তের ওপরই ভরসা রাখতে চান তিনি।
উল্লেখ্য, গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবনের বয়স প্রায় ৪০ বছর। দীর্ঘ এই সময়ে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নানা আলোচনা চললেও সংসার টিকিয়ে রাখার ব্যাপারে এখনো আশাবাদী সুনীতা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/entertainment/2026/11/09/newsID_5497/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-১১-২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ