VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

পাবনায় সার বিতরণে তাণ্ডব, গোডাউন ভেঙে লুটপাট

লেখক: ভিটিভি বিডি ডেক্স

পাবনার চাটমোহরে সার বিতরণের সময় ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে ডিলার প্রদীপ কুমারের গোডাউনে এ ঘটনা ঘটে। এর আগে সার নিতে ভোর থেকেই বিপুলসংখ্যক কৃষক লাইনে দাঁড়ান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, থানার ওসি অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরেজমিনে জানা গেছে, সোমবার সকাল থেকে চাটমোহরের ছাইকোলা বাজারে ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার বিতরণ চলছিল প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। বিতরণের জন্য এরই মধ্যে ১৭১টি মেমো করা হয়।

অন্যদিকে, একই এলাকায় বিএডিসির অপর দুই সার ডিলার হবিবুর রহমান ও রহমত আলীর পয়েন্টে সার শেষ হয়ে যায়। পরে ওই দুই পয়েন্টের হাজারো কৃষক প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে ভিড় করেন।

আরও পড়ুন: ডামি নির্বাচন ও নিপীড়নে গণতন্ত্র ধ্বংস করেছে আ.লীগ: স্পিকার

এ অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে সেখানে থাকা কৃষকরা হঠাৎ বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার যে যার মতো নিয়ে যান। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে আরও বিপুল পরিমাণ সার লুটের হাত থেকে রক্ষা পায়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ যুগান্তরকে জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধ ব্যক্তিরা আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে গেছেন। সারের কোনো সংকট নেই। অথচ বিশৃঙ্খলা সৃষ্টি করে এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান যুগান্তরকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বাকি সার লুটের হাত থেকে রক্ষা পায়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান যুগান্তরকে বলেন, কোথাও সারের সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। সার ফেরত দেওয়া অথবা সমপরিমাণ টাকা ডিলারকে দেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সার ফেরত দেওয়া বা টাকা পরিশোধ করা না হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/bangladesh/2026/11/09/newsID_5445/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১০-১১-২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ