কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে অনলাইনে গণস্বাক্ষর শুরু হয়েছে। ‘চেঞ্জ ডট অর্গ’ নামের প্ল্যাটফর্মে করা এই আবেদনে রোববার পর্যন্ত ৯৬০ জন স্বাক্ষর করেছেন। এটি শেয়ার হয়েছে ৬০৭ বার।
মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত শিতাংশু গুহ গত ১ নভেম্বর আবেদনটি চালু করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি বিবেচনার পাশাপাশি তার বিরুদ্ধে করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনে দাবি করা হয়েছে, আগের সরকার অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠিয়েছে। তিনি খুনি নন, অথচ একটি হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে বন্দি রাখা হয়েছে। এ অবস্থায় তার মুক্তির বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।
পিটিশনে বলা হয়, প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আবেদনকারী। তার আইনজীবীরা আদালতে উপস্থিত হতে না পারা এবং আইনি লড়াই চালাতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তার জামিন ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/politics/2026/11/09/newsID_5439/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-১১-২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ