VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ

সিদ্ধান্ত না মানায় তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত

লেখক: ভিটিভি বিডি ডেক্স

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।অভিনেত্রী সামিয়া অথৈর সদস্যপদও স্থগিত করা হয়েছে। সংগঠনের ফেসবুক পেজ থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর অভিনেত্রীর বরাবর পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়।

এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

জানা গেছে, শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে তানজিন তিশা ও সামিয়া অথৈ দুজনেরই সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর আগে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল। তবে সেই উদ্যোগ ভেস্তে যায়।

অভিনয় শিল্পী সংঘ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

অভিনয়শিল্পী সংঘের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের জন্য একটি সালিশ কমিটি আছে যা সার্বভৌম এবং স্বাধীন। এই সালিশ কমিটি উদ্ভূত ঘটনার পরিস্থিতিতে তাদের দুজনকেই সালিশের জন্য ডাকা হয়। সেখানে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি হচ্ছে তারা মাফ চেয়ে বিবৃতি দিবেন এবং একটি ভিডিও বার্তা পাঠাবেন। কিন্তু পরবর্তীতে দুটি সিদ্ধান্তের কোনটাই তারা মানেননি। তাদেরকে পরপর দুটি চিঠি দেওয়ার পরও তারা চিঠির কোনও সদুত্তর দেননি। এই চিঠিগুলো ফেরত আসে। পরবর্তীতে তাদের ফোনও করা হয়, কিন্তু ফোনের কোনও সদুত্তর না পাওয়ায় দীর্ঘ বিরতির পর সালিশ কমিটি বাধ্য হয়ে ইসি কমিটিকে তাদের সদস্যপদ বাতিলের জন্য সুপারিশ করে। পরবর্তীতে ইসি কমিটি সভায় এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংগঠনটি তাদের সদস্যপদ স্থগিত ঘোষণার কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে গতকাল রাতেই ফেসবুক লাইভে এসে এ নিয়ে প্রতিক্রিয়া জানান তানজিন তিশা। সালিশবৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিশা বলেন, বলা হয়েছিল— আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিওবার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।

 

তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখেছি, শাড়িকাণ্ডও দেখেছি। আজ হোক কিংবা কাল সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি। কারণ আমি জানি আমি ভুল কিছু করিনি।

অভিনেত্রী বলেন, পেশাগত বিরোধ মীমাংসার বদলে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার আমাদের সমালোচিত করে। আমরা যারা কাজ দিয়ে টিকে থাকতে চাই, তাদের জন্য সেটি কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, একটা জায়গায় কাজ করতে গেলে অনেকের সঙ্গে মতের অমিল থাকতে পারে, ঝামেলাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, আমি আগে সামাজিক মাধ্যমে গিয়ে সব বলে দেব কিংবা সাংবাদিকদের জানাব— যাতে কারও ক্যারিয়ারের ক্ষতি হয়।

গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিংয়ে সামিয়া অথৈর সঙ্গে বিরোধের ঘটনা প্রসঙ্গে তিশা বলেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। ‘পুতুলের বিয়ে’ নাটকে একজন মহান শিল্পী আছেন। তার সঙ্গে আমার একটা সমস্যা হয়েছিল। পুরো শুটিং সেটের সবাই সেই ঘটনার সাক্ষী। কী হয়েছে, কী হয়নি সবাই দেখেছেন।

 

নাটকে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, আমার পাগলের চরিত্র তো আমি করেছি। নাকি আরেকজন পাগলের চরিত্র করেছে সেটাও আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। কে আগে অ্যাটাক করেছে? কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটি আপনারা বুঝতে পারবেন।

ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছিল। সালিশবৈঠকে কী সিদ্ধান্ত হয়েছিল, সেটিও ফেসবুক লাইভে তুলে ধরেন তানজিন তিশা। তিনি বলেন, আমাদের সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা বসে পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন, কী ঘটেছে সবকিছু শোনা হয়েছে। সেই বৈঠকের নোটিশও আমার কাছে আছে, লিখিতভাবে আছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/11/07/newsID_5374/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৭-১১-২০২৬, ০৪:২১ অপরাহ্ণ