VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ

রাজুর ওপর হামলার অভিযোগ

পরীমণির বিচারের দাবিতে মানববন্ধন

লেখক: ভিটিভি বিডি ডেক্স | নিজস্ব প্রতিবেদক
সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রাজুর ওপর অভিনেত্রী শামসুন্নাহার পরীমণির হামলা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিল। কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযোগের যথাযথ বিচার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন ও হেনস্তার অভিযোগে কার্যকর তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেশ রূপান্তরের রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার আল আমিন এম তাওহীদ। এ ছাড়া সংগঠনের নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টাররা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খোকা বলেন,  পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতির শিকার হবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা হেনস্তার অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আল আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি সাংবাদিক রাজুর ওপর হামলা ও হেনস্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
সমাবেশ থেকে অভিনেত্রী শামসুন্নাহার পরীমণির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সুষ্ঠু বিচার এবং সাংবাদিক রাজুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ খোকা, সভাপতি মোহাম্মদ আলী আজগর, সাধারণ সম্পাদক জি এম রাশেদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শেখসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/11/07/newsID_5306/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৭-১১-২০২৬, ০৪:২০ অপরাহ্ণ