VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ

বাংলাদেশিদের ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করল ভারতীয় হাইকমিশন

লেখক: ভিটিভি বিডি ডেক্স

বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ পূরণ করে জমা দিতে হবে। এই অঙ্গীকারনামা ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে স্ক্যান করতে হবে। স্ক্যান করা কপি অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, এ ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটের বাইরে অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। বিকল্প ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে তা গ্রহণ করা হবে না। ভিসা দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হরমুজে চলাচলে নিষেধাজ্ঞা, চার দেশের জন্য বিশেষ ছাড় ইরানের

নির্ধারিত এক পাতার ফর্মের শুরুতে আবেদনকারীর নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি অঙ্গীকার করতে হবে, ভিসার আবেদনে যে উদ্দেশ্যের কথা বলা হয়েছে, ভারত সফরের সময় তিনি কেবল সেই উদ্দেশ্যেই দেশটিতে যাবেন। আবেদনের দিন তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের বাসিন্দা এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক—এমন ঘোষণাও দিতে হবে।

ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত পরিচিতিসংক্রান্ত পাঁচটি তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো—পাসপোর্টে থাকা পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা।

দ্বিতীয় অংশে ভারত সফরের কারণ উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা কোনো সম্মেলনে অংশগ্রহণের মতো নির্দিষ্ট উদ্দেশ্য লিখতে হবে।

এরপর আবেদনকারীকে তিনটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। প্রথমত, ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং ভিসার নির্ধারিত মেয়াদের বাইরে দেশটিতে অবস্থান করবেন না।

দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত সব আইন, বিধিবিধান ও সংস্কৃতি অনুসরণ করবেন। তৃতীয়ত, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়াবেন না।

ফর্মে সতর্ক করে বলা হয়েছে, এসব শর্তের ব্যত্যয় ঘটলে ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

ফর্মের শেষাংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষর দিতে হবে। পাশাপাশি ফর্ম পূরণের স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা ও মা—উভয়ের স্বাক্ষর নেওয়ার নির্দেশনা রয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত ফর্মটি যথাযথভাবে পূরণ এবং অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে আবেদনকারীদের।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/11/05/newsID_5298/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৫-১১-২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ