ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ডিউটি চিকিৎসকদের কারও ড্রেসআপ না থাকায় তারা চিকিৎসক, নার্স না কি দালাল; তা বোঝা মুশকিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান। এ সময় কয়েকজন চিকিৎসক নিজ কক্ষে না থাকায় শোকজের নির্দেশ দেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘এখানকার রোগীদের সব সময় অভিযোগ থাকে, তারা ঠিকমতো চিকিৎসা পান না, চিকিৎসক থাকেন না। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। তিনি এ জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন। আজকে আমরা (দুদক) ঢাকা মেডিকেলে এসেছি। এরপর অন্যান্য হাসপাতালেও যাব।
তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে এসে জরুরি বিভাগে কয়েকটি রুমে চিকিৎসকদের পাইনি। জরুরি বিভাগের ডা. তানভীর, এ ছাড়া নিউরোসার্জারি বিভাগের প্রধানকেও তার রুমে পাইনি। জরুরি বিভাগের ডিউটি ডাক্তার কারোর ড্রেসআপ নেই। তারা ডাক্তার, নার্স না কি দালাল তা বোঝা মুশকিল। এ জন্য ডাক্তারদের আইডেনটিফাই করতে পারছি না। তারা সেবা দিচ্ছে কি না সেটিও জানি না।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘এখন বাজে বেলা সোয়া বারোটা, ডাক্তারদের কেউ বলছেন বাইরে গেছেন, কেউ বলছেন চা খেতে গেছেন। রোগীরা চিকিৎসার জিনিসপত্র খুঁজতে দৌড়ে বেড়াচ্ছেন। এতে আসলে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছেন না। এ ছাড়া ডাক্তারদের অনুপস্থিতি, চিকিৎসা রুমে পরিবেশ নোংরাসহ বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমরা হাসপাতাল পরিচালককে বলে গেলাম, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করতে। আমরাও আইনগত ব্যবস্থা নেব।
সরকারি হাসপাতালটিতে দালালের দৌরাত্ম্য এবং চিকিৎসকদের সরাসরি দালালি ও রোগী ভাগানোর সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যাব। প্রাইভেট হাসপাতালের এটি একটি ব্যবসা। এটি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. ফরহাদ হোসেন বলেন, ‘আমি হাসপাতালটিতে নতুন এসেছি। আসার পর কিছু পরিবর্তন করতে পেরেছি। দুদক চেয়ারম্যান যে বিষয়গুলো বলেছেন, আমরা সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেব। হাসপাতাল দালালমুক্ত করতে চিকিৎসকসহ সবার কাছে সাহায্য চেয়েছি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/national/2026/11/05/newsID_5252/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৫-১১-২০২৬, ১২:২৬ অপরাহ্ণ