রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে দুই ও তিন মাসের কারাদণ্ড এবং অপর একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১৩-তে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি চালানো হয়।
অভিযানকালে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ের ক্যাম্পাস থেকে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে দুজনকে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নাজিরুল ও মো. জাকির। তাদের মধ্যে একজনকে দুই মাস এবং অপরজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ তাদের কাছে এসেছে।
তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/national/2026/11/03/newsID_5212/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৪-১১-২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ