VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ, বন্ধ হচ্ছে নির্মাণকাজ

লেখক: ভিটিভি বিডি ডেক্স

শীত নামার আগেই ভারতের দিল্লির বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। অবস্থার উন্নতি না হওয়ায় দেশটির রাজধানী শহরের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, এছাড়াও দূষণ নিয়ন্ত্রণে ১ নভেম্বর থেকে একাধিক কঠোর বিধিনিষেধ কার্যকর করতে যাচ্ছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে পুরোনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, নির্মাণকাজ বন্ধ এবং পার্কিং ফি দ্বিগুণ করা।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিএস৬ মানদণ্ড পূরণ করে না, এমন যানবাহন ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে চলাচল করতে পারবে না। তবে বৈদ্যুতিক ও সিএনজিচালিত যানবাহন, অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিয়ম অমান্য করলে ই-চালান পাঠানো হবে। এ জন্য বিশেষ নজরদারি দল, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা এবং এআই প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণকেন্দ্র ব্যবহার করা হবে।

এ ছাড়া একই সময়ের মধ্যে দিল্লিতে নির্মাণকাজ ও ভবন ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি কিছু সরকারি প্রকল্প এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

যানজট কমাতে সরকারি অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং দিল্লি সরকারের অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে পার্কিং ফি দ্বিগুণ করা হয়েছে।

এদিকে, বৈধ দূষণ নিয়ন্ত্রণ সনদ (পিইউসি) ছাড়া দিল্লির পেট্রল পাম্পগুলোতে জ্বালানি পাওয়া যাবে না। এ নিয়ম কার্যকরে রাজধানীর ৫০০টি পেট্রল পাম্পে বসানো হয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা।

এর আগে, দূষণ নিয়ন্ত্রণে গত ২১ অক্টোবর দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) প্রথম পর্যায় কার্যকর করা হয়েছিল।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/01/newsID_5165/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০২-১১-২০২৬, ১২:৫১ অপরাহ্ণ