VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ণ

দিল্লির ব্যবসায়ীদের ক্ষতি নিয়ে রাহুল-নাড্ডার বাকযুদ্ধ

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ভারতের দিল্লির ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি নিয়ে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ ক্রমেই বাড়ছে। দুই পক্ষের পালটাপালটি অভিযোগের মধ্যে আবারও বিজেপিকে আক্রমণ করেছেন রাহুল। তার অভিযোগ, বিজেপি ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের বিশাল সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় রোববার (১ নভেম্বর) একটি ছোট ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী।

সেখানে তিনি অভিযোগ করেন, বিজেপি জোর করে সব দোকান বন্ধ করে দিয়েছে। ফলে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষজন কেনাকাটা করতে পারছেন না।

ভিডিওতে রাহুল গান্ধী বলেন, ‘আমরা সবাইকে বলেছিলাম, মিছিল ও বিশাল সমাবেশে আসার সময় যেন কেনাকাটা করেন, কিছু জিনিসপত্র কেনেন। কিন্তু এখানে কনট প্লেসে আসার পথে আমরা জানতে পারি, বিজেপি জোর করে প্রতিটি দোকান বন্ধ করে দিয়েছে। তাই ব্যবসায়ীদের কারা ক্ষতি করছে এবং কীভাবে করছে, তা আপনাদের জানা উচিত।

এর আগে উৎসবের মৌসুমে ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য রাহুল গান্ধী ও কংগ্রেসকে দায়ী করেছিলেন বিজেপি নেতারা।

ধনতেরাস, দীপাবলি ও ছট পূজার প্রসঙ্গ টেনে বিজেপি নেতা জেপি নাড্ডা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের বিক্রেতা ও দোকানিরা বছরের আয়ের বড় একটি অংশ উৎসবের এই সময়টিতে উপার্জন করেন। তার অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সংকটের প্রতি উদাসীন রাহুল গান্ধী।

নাড্ডা বলেন, চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিটিআই) পক্ষ থেকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল। উৎসবের মৌসুমে দিল্লিতে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ আয়োজন না করার অনুরোধ জানানো হয়েছিল ওই চিঠিতে।

নাড্ডার দাবি, আগের প্রতিবাদ কর্মসূচির কারণে দিল্লির ব্যবসায়ীদের প্রায় ৩ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে। সর্বশেষ সমাবেশের কারণে ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/11/01/newsID_5156/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০১-১১-২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ