গ্রিড বিপর্যয়ের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন পাওয়ার গ্রিড বাংলাদেশের সঞ্চালন-২ বিভাগের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলী।
কমিটিতে মোট পাঁচজন সদস্য রয়েছেন।কমিটিকে নির্ধারিত পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত ও পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রতিবেদনে বিদ্যুৎ বিভ্রাটের কারণ চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সুপারিশ দেওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পরে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়। এরপর গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রগুলো চালু রেখে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করার কার্যক্রম শুরু করা হয়। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/national/2026/10/27/newsID_4959/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ