জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সংসদকে একটা সাধারণ সংসদে পরিণত করেছে। তারা সংসদকে দলীয় সংসদে পরিণত করেছে। তারা যদি রাষ্ট্রীয় কাঠামো সংশোধন না করেন তাহলে আমরা যাকেই বসাবো তারা আরেক হাসিনা হবে।
সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারীতে একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, শেখ হাসিনা যে স্বৈরাচারীভাবে রাষ্ট্র চালিয়েছেন এখন পর্যন্ত সে কাঠামোর কোনো পরিবর্তন করা হয়নি। ফলে একই মেশিন আরেকজন চালাচ্ছেন এখন। ড্রাইভার পরিবর্তন হয়েছে কিন্তু মেশিন পরিবর্তন হয়নি। সেই মেশিন যদি পরিবর্তন না করেন তাহলে সবচেয়ে ভালো ড্রাইভার বসিয়ে সঠিক দিকে গাড়িটি নিয়ে যেতে পারবেন না। যদি সংবিধান পরিবর্তন না করেন তাহলে এটা হবে আগের সরকারের ধারাবাহিক প্রক্রিয়া। শেখ হাসিনার অবৈধ সিস্টেম পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে।
এই নেতা বলেন, সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। স্বরাষ্ট্র আইনশৃঙ্খলার অবস্থার উন্নতির কথা চিন্তা না করে তিনি সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত আছেন। যার কারণে তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি। এছাড়াও জ্বালানি ক্ষেত্রে যে বিপর্যয় এসেছে তার জন্য কাজ না করে তিনিও সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত। আমরা তারও পদত্যাগ দাবি করছি।
তিনি আরও বলেন, গণভোটকে জণগণ রায় দিয়েছে কিন্তু তারা জনগণের রায় বাস্তবায়ন করছে না। তারা সংবিধানের মৌলিক পরিবর্তন আনতে চায়, কিন্তু তারা গণপরিষদ গঠন করছে না। কিন্তু তারা নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্বে বসাতে চাচ্ছেন। যারাই বার বার ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে। আওয়ামী লীগ এতে সফল হলেও বিএনপি কখনো সফল হবে না। একই চক্করে মানুষ ঘুরপাক খাচ্ছে যার, কারণে সংবিধান পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/politics/2026/10/26/newsID_4817/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ