VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানের ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, পাল্লা ৭৫০ কিলোমিটার

লেখক: ভিটিভি বিডি ডেক্স

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এটি ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ‘অত্যাধুনিক এভিওনিক্স এবং সর্বাধুনিক নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত অস্ত্রব্যবস্থাটি অত্যন্ত নির্ভুলতা ও বিধ্বংসী ক্ষমতার সঙ্গে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’

বিবৃতি অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।

এতে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা এই সফল পরীক্ষার প্রশংসা করেছেন। পাশাপাশি, এই মাইলফলক অর্জনে অবদান রাখা সবার কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সফল পরীক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জাতিকে অভিনন্দন জানিয়েছেন।

নাকভি বলেন, ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষা প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এর আগে গত মে মাসে আর্মি রকেট ফোর্স কমান্ড ‘ফাতাহ-৪’ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল।

তার আগের মাসেই আর্মি রকেট ফোর্স কমান্ড ‘ফাতাহ-২’ মিসাইল সিস্টেমের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছিল। একই মাসে পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল।

২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছিল।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/10/07/newsID_3496/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১০-২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ণ