বিশ্বকাপকে ঘিরে নতুন করে বিতর্কে পড়েছে ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অভিযোগ উঠেছে, নিয়ম মেনে যোগ্যতা অর্জন না করা এক গোলরক্ষককে বিশ্বকাপ বাছাইপর্বে কঙ্গোর হয়ে খেলানো হলেও বিষয়টি জানার পরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ফিফা। ওই গোলরক্ষক লিওনেল এমপাসি পরবর্তীতে কঙ্গোর বিশ্বকাপ দলেও জায়গা পান এবং শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও গোলপোস্ট সামলান।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে জন্ম নেওয়া এমপাসি এর আগে ফ্রান্সের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে খেলেছিলেন। ফিফার আইন বিভাগের তদন্তে উঠে আসে, কঙ্গোর হয়ে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় কিছু নথিপত্র তার ছিল না। বিষয়টি নিয়ে নাইজেরিয়ার ফুটবল ফেডারেশনও আনুষ্ঠানিক অভিযোগ করেছিল।
অভিযোগের পর ফিফার সামনে কয়েকটি সম্ভাব্য পদক্ষেপ ছিল। এমপাসিকে নিষিদ্ধ করা, কঙ্গোকে জরিমানা করা কিংবা বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে কঙ্গোকে বাদ দিয়ে নাইজেরিয়াকে সুযোগ দেওয়ার বিষয়ও বিবেচনায় এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো শাস্তিই দেওয়া হয়নি। কারিগরি কারণ দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেওয়া হয়।
এরপর কঙ্গো প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে। সেখানে এমপাসিও দলের অংশ ছিলেন। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও তাকে গোলরক্ষকের দায়িত্বে দেখা যায়।
ফিফার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদের একটি স্বায়ত্তশাসিত কমিটি। এই সিদ্ধান্ত গ্রহণে ইনফান্তিনোর কোনো ভূমিকা ছিল না বলেও দাবি করেছে সংস্থাটি।
তবু বিষয়টি নিয়ে ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অন্য একটি কারণে। এমপাসিকে ঘিরে তদন্ত চলার সময় কঙ্গো ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ভেরন মোসেঙ্গো-ওমবা। তিনি ইনফান্তিনোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় সিদ্ধান্তটি নিয়ে নতুন করে সন্দেহ ও আলোচনা তৈরি হয়েছে।
শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে কঙ্গো। ওই ম্যাচে এমপাসির উপস্থিতিও ছিল আলোচনার কেন্দ্রে। এখন তার খেলোয়াড় হিসেবে যোগ্যতা এবং অভিযোগ পাওয়ার পর ফিফার নেওয়া সিদ্ধান্ত—দুই বিষয়ই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/sports/2026/10/06/newsID_3386/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৮-১০-২০২৬, ০২:২৬ পূর্বাহ্ণ