VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ

সিরিয়ার ওপর থেকে সামরিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

লেখক: ভিটিভি বিডি ডেক্স

দীর্ঘদিন পর সিরিয়ার নতুন সরকারের ওপর থেকে সামরিক বিধিনিষেধ তুলে নিল যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে মার্কিন অস্ত্র বিক্রির নিষিদ্ধ তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া এই পদক্ষেপের পর এখন থেকে সিরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের সুযোগ পাবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য সংক্রান্ত নিয়মকানুন সংশোধন করা হয়েছে। আগে সিরিয়ার কাছে অস্ত্র বিক্রির যেকোনো প্রস্তাব সরাসরি বাতিল করে দেওয়া হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সিরিয়ার আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্প প্রশাসনের নেওয়া একাধিক পদক্ষেপের একটি হলো এই সিদ্ধান্ত।

এর আগে গত বছরের আগস্টে সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে ইন্ধনদাতা’ দেশের তালিকা থেকেও বাদ দেওয়া হয়। এ ছাড়া, দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর দামেস্কে আবার নিজেদের দূতাবাস চালু করার পরিকল্পনা করছে আমেরিকা।

সিরিয়াকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার পর এখন মাত্র সাতটি দেশ—চীন, উত্তর কোরিয়া, ইরান, কিউবা, বেলারুশ, মায়ানমার ও ভেনেজুয়েলা—মার্কিন অস্ত্র রপ্তানির ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে সাবেক মার্কিন-বিরোধী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার দায়িত্ব নেন সাবেক বিদ্রোহী নেতা আহমদ আল-শারা। তার গৃহীত নতুন নীতি ও পদক্ষেপে সন্তুষ্ট হয়েই মূলত ট্রাম্প প্রশাসন একের পর এক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং আইএস জঙ্গিগোষ্ঠীর আবার মাথাচাড়া দিয়ে ওঠা রোধ করতে নতুন সিরীয় সরকারের ওপর ভরসা রাখছে যুক্তরাষ্ট্র।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/world/2026/10/01/newsID_3100/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০২-১০-২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ