আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে হবে সাফের কনগ্রেস। সেখানে বিভিন্ন এজেন্ডার মধ্যে ছিল কার্যনির্বাহী কমিটির নির্বাচনও। কিন্তু সাফ সভাপতি পদে নির্বাচনের প্রার্থী তালিকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এ সভাপতি ছাড়া আর কেউ নেই।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন হবেন এটি প্রায় নিশ্চিতই। এখন কংগ্রেসে পাস হলেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সাফের গঠনতন্ত্রের ধারা ২৪.২ অনুযায়ী উপযুক্ত প্রার্থীর সংখ্যা উপলব্ধ পদের সংখ্যাকে অতিক্রম না করায় প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন।
কাজী সালাহউদ্দিন ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ৭০ বছরের ঊর্ধ্ব কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না- এত দিন এ কথাই বলা ছিল সাফের গঠনতন্ত্রে। তবে নিয়মটা গত বছর কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়।
বাংলাদেশ থেকে এবার আরও একজন জায়গা পাচ্ছেন সাফের কমিটিতে। এক্সিকিউটিভ কমিটিতে থাকছেন বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ। এবারই প্রথমবারের মতো তিনি সাফ কমিটিতে ঢুকছেন।
এছাড়া সাফের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। এক্সিকিউটিভ কমিটিতে আরিফের সঙ্গে আছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/sports/2026/08/01/newsID_260/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৮-২০২৬, ১০:৫১ অপরাহ্ণ