VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ণ

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ফিফার বড় সিদ্ধান্ত, স্বস্তিতে আর্জেন্টিনা

লেখক: ভিটিভি বিডি ডেক্স

আসছে উইন্ডোয় বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। সেই ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় এক সুখবর দিয়েছে ফিফা।

আসন্ন তিন প্রীতি ম্যাচের সূচি নিশ্চিত করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুর ফিফা উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনকে আতিথ্য দেবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে অবসরের ঘোষণা দেওয়া লিওনেল মেসির জাতীয় দলকে বড় বিদায়ের মঞ্চ।

এই ম্যাচগুলোকে ফিফা ‘প্রথম স্তরের’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে বিষয়টি। এটি আর্জেন্টিনার জন্য বড় একটি সুখবর। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর উদ্ভূত বিতর্কের জেরে বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের ওপর কড়া শাস্তি আরোপ হয়েছিল। লিয়ান্দ্রো পারেদেস দশ ম্যাচ, নাহুয়েল মলিনা সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদা এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। এর সঙ্গে লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাকেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সবার সঙ্গেই যুক্ত হয় আর্থিক জরিমানা।

ফিফা নিশ্চিত করেছে, শুধু অফিসিয়াল ম্যাচেই নয়, প্রীতি ম্যাচেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে এক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল তখন। শুধুমাত্র প্রথম স্তরের প্রীতি ম্যাচগুলোই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ধর্তব্যে আসবে। এই পরিস্থিতিতে আর্জেন্টিনা জাতীয় দলের আসন্ন ম্যাচগুলোকে শীর্ষ মানের প্রীতি ম্যাচ হিসেবে ধরার অনুরোধ জানায়। বিষয়টি শেষমেশ ফিফায় গৃহীত হয়েছে।

এএফএ এক বিবৃতিতে জানায়, ‘সেপ্টেম্বর/অক্টোবর উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের খেলতে যাওয়া প্রীতি ম্যাচগুলোর ভিত্তিতে, কনমেবলের মাধ্যমে অনুমোদনপত্র অনুযায়ী তিনটি ম্যাচকেই “প্রথম স্তরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ” হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা ফিফার আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত বিধিমালা মেনেই করা হয়েছে।’ এই ঘোষণার সঙ্গে তিনটি ফাইলও প্রকাশ করে এএফএ।

কোনো প্রীতি ম্যাচকে ‘ক্লাস এ’ বা ‘প্রথম স্তরের’ হিসেবে বিবেচনা করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন দুই দলকেই সিনিয়র দল হতে হবে, অফিসিয়াল নিয়ম মেনে খেলতে হবে (যেমন বদলি খেলোয়াড় সংখ্যার সীমা) এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর অনুমোদন থাকতে হবে।

বিশ্ব র‍্যাংকিংয়ে দুইয়ে থাকা আর্জেন্টিনা প্রথমে ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে মুখোমুখি হবে ৭৭ নম্বরে থাকা বলিভিয়ার। এরপর ২ অক্টোবর ৬২ নম্বরে থাকা বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা, যা লা বোম্বোনেরায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে মঙ্গলবার, ৬ অক্টোবর মুখোমুখি হবে ৯৩ নম্বরে থাকা বেনিনের।

বেনিনের বিপক্ষে এই ম্যাচটি হবে মনুমেন্তাল স্টেডিয়ামে এবং এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বড় বিদায়ী ম্যাচ। এএফএ নিশ্চিত করেছে, লিওনেল স্কালোনির দলে থাকলেও মেসি শুধু এই একটি ম্যাচেই মাঠে থাকবেন, একই অবস্থা জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলেরও। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের আরও কয়েকজন খেলোয়াড়কে মেসিকে বিদায় জানাতে আমন্ত্রণ জানানো হতে পারে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যদিও তাদের নাম এখনো নিশ্চিত হয়নি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/sports/2026/09/19/newsID_2485/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৯-০৯-২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ