যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা নিয়ে নতুন সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।
রিয়াদের মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে দেশটির নাগরিকরা যেন সৌদিতে ভ্রমণ এড়ান।
গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত এই নির্দেশিকায় সৌদির জন্য একটি লেভেল থ্রি সতর্কতা দেওয়া হয়েছে। পবিত্র মক্কা নগরীর দক্ষিণাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করার ঘটনার পরই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও বাণিজ্যিক ফ্লাইটগুলো এখনো সচল রয়েছে, তবে বিভিন্ন সময় সেগুলোতে বড় ধরনের বিঘ্ন ঘটছে।
এদিকে, ইয়েমেনের সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন ও রকেট হামলার কারণে ওই এলাকাকে সম্পূর্ণ ‘ভ্রমণ নিষেধ’ বা লেভেল ফোর তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। সৌদিতে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের জন্য ইয়েমেন সীমান্ত থেকে ২০ মাইলের মধ্যে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে এবং কতিফ, জিজান, আসির ও নাজরানের মতো এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অনুমোদনের কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ভ্রমণ নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে বিমানবন্দর, সামরিক স্থাপনা, হোটেল ও পর্যটন কেন্দ্রের মতো জনবহুল স্থানে যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে। এছাড়া সৌদির কঠোর সাইবার আইন ও সামাজিক মাধ্যমের ওপর নজরদারির বিষয়েও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
সরকারের সমালোচনা করে বা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে—এমনকি দেশটিতে প্রবেশের আগের পুরোনো পোস্টের জেরেও আইনি পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে। পাশাপাশি, দেওয়ানি বা ফৌজদারি মামলায় ফেঁসে গেলে সৌদিতে বছরের পর বছর এক্সিট ব্যান বা দেশত্যাগের নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.vtvbd.com/world/2026/09/16/newsID_2303/© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৬-০৯-২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ