VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ণ

ফুটপাত দখল করলেই উচ্ছেদ, ঢাকায় এবার কঠোর ডিএসসিসি

লেখক: ভিটিভি বিডি ডেক্স

ফুটপাত দখল করে দোকান বসানো, সড়ক ও ফুটপাতে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করা যাবে না। বারবার সতর্ক করার পরও নির্দেশনা না মানলে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল, দৈনিক বাংলা ও মতিঝিল বক চত্বর এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং সড়কে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা এতোদিন বারবার বলে আসছি, রাস্তায় কেউ বসতে পারবেন না। ফুটপাতে দোকান করা, মালামাল রাখা কিংবা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না। এখন যদি তারা নির্দেশনা না শোনেন, তাহলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।

পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, প্রত্যেক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরের সামনের অংশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ, অপরিচ্ছন্ন জায়গায় পানি জমে থাকলে সেখানে ডেঙ্গুর লার্ভা তৈরি হতে পারে। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এ বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, যার যার বিল্ডিংয়ের সামনে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এবং ঘরের সামনে নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা হয়। কাজেই প্রত্যেককে নিজের জায়গার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে হবে।

অভিযানের বিষয়ে আব্দুস সালাম বলেন, মাজার এলাকা থেকে অভিযান শুরু করে সামনের সড়ক ধরে বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য। এগুলো দখল করে ব্যবসা পরিচালনা কিংবা মালামাল রাখার সুযোগ দেওয়া হবে না। নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/bangladesh/2026/09/15/newsID_2239/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৯-২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ